Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিজেপির নবান্ন অভিযানে অস্ত্র-অভিযুক্তের পাগড়ি খুলে দেয় পুলিশ, ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে বার্তা হরভজনের

Updated :  Saturday, October 10, 2020 10:40 AM

কলকাতা: বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে কার্যত উত্তাল হয়ে উঠেছিল গোটা শহর এবং শহরতলি। করোনা পরিস্থিতিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কাতারে কাতারে লোক এই নবান্ন অভিযানে যোগ দিয়েছিল। এমনকি বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য এসেছিলেন এই অভিযানে নেতৃত্ব দিতে। আর এদিনের ঘটনায় অস্ত্র সমেত বলবিন্দর সিং নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, তিনি বিজেপি নেতা প্রিয়াংশু পান্ডের ব্যক্তিগত দেহরক্ষী। এমনকি তাঁর কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল, সেটি লাইসেন্সপ্রাপ্ত বলেও দাবি করা হয়েছে। তবুও পুলিশ কোনও কিছুতে কর্ণপাত না করে বলবিন্দরকে গ্রেফতার করে। আর গ্রেফতার করার সময় তার পাগড়ি টেনে হিঁচড়ে খুলে দেওয়া হয়। এবার সেই বিষয়কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।

বৃহস্পতিবারের এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এমন একটি ভিডিও হরভজন নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে ইমোজি দিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘এই বিষয়টি একটু দেখুন। এটা একেবারেই ঠিক ঘটনা হয়নি।’ মুহুর্তের মধ্যে হরভজনের এই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও হিরভজনের করা এই টুইটের এখনও কোনও উত্তর বা প্রতিক্রিয়া কোনটাই দেননি মুখ্যমন্ত্রী। তবে শুধু ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার নন, রাজ্য পুলিশের এ হেন আচরণের সমালোচনা করতে ময়দানে নেমে পড়েছে বিজেপিও। এখন কীভাবে মুখ্যমন্ত্রী এই ঘটনার ড্যামেজ কন্ট্রোল করেন, সেটাই দেখার।